ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রায় ১৮ বছর পর নিখোঁজ মানসিক ভারসাম্যহীন মা সাহারা বেগমকে (৬৫) ফিরে পেয়েছেন ছেলে শাহ আলম। দীর্ঘ দিন খোঁজাখুঁজির পর মাকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়নের ফুলমালীর চালার নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গত শুক্রবার বাড়ির পাশের একটি বাজারে সাহারা বেগমকে পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে আসেন। পরিবার সূত্রে জানা যায়, ২০০৯ সালের শুরুতে বাড়ি থেকে নিখোঁজ হন সাহারা বেগম। এরপর স্বজনরা আশপাশের বিভিন্ন এলাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে তার খোঁজ করেন। ছেলে শাহ আলমও মাকে খুঁজতে বিভিন্ন এলাকায় ঘুরেছেন। সংসার চালানোর পাশাপাশি মাকে খুঁজে পেতে তিনি ধারদেনা করে একটি সিএনজি কিনেছিলেন বলে জানান স্বজনরা।
দীর্ঘ ১৮ বছর পর মায়ের ফিরে আসার খবর পেয়ে শাহ আলম ছুটে যান তার কাছে। মাকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। মা-ছেলের এ পুনর্মিলনের দৃশ্য দেখে পরিবারের সদস্য ও স্থানীয়রাও আবেগ ধরে রাখতে পারেননি।
শাহ আলম বলেন, ‘১৮ বছর অনেক খোঁজাখুঁজি করেও মাকে পাইনি। মাকে ফিরে পাবো, এমন আশাও ছিল না। তাকে ফিরে পেয়ে আমি খুবই আনন্দিত। মানসিক ভারসাম্যহীন হলেও তিনি আমার মা। এত বছর পর মায়ের সেবা করতে পারছিÑ এটাই আমার জন্য বড় আনন্দ।’ স্থানীয়রা জানান, সাহারা বেগম স্বাভাবিকভাবে কথা বলতে পারেন না। এতদিন তিনি কোথায় ছিলেন বা কিভাবে ছিলেন, তা জানা যায়নি।
১৮ বছর পর মাকে ফিরে পেয়ে ছেলের চোখে আনন্দাশ্রু





