ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ধর্ষণের পর গুরুতর আহত ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত জাহিদুল (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
গতকাল দুপুরে উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিরদিল বাজারসংলগ্ন হাজী কুদ্দুস মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও শিশুটির পরিবারের সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, বেলা ১২টার দিকে শিশুটি ধর্ষণের শিকার হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে পরিবারের লোকজন চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে যান। বিকেল ২টা ২০ মিনিটের দিকে হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আশুগঞ্জ থানার (ওসি) শফিকুল আলম চৌধুরী জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অভিযান চালিয়ে তালশহর এলাকা থেকে জাহিদুলকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, শিশুটির লাশ বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তসহ আইনগত প্রক্রিয়া চলছে।