নয়া দিগন্ত ডেস্ক

দেশে হামের উপসর্গে মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করে ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগে মারা গেছে। তবে এ সময় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে একই সময় নতুন করে নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ২৮৩ জন। এর মধ্যে ৯৮০ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ৮৪ জনের। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৯০৭ জন আর সুস্থ   হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৭৬৯ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট ১ হাজার ৮৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০১ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯৮৬ জন।
একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৮৬ হাজার ৮১৩ জনের। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ২১ হাজার ৯৯ জন। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে ২ লাখ ৭ হাজার ৯১২ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬৫ হাজার ১৫৫ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে ১ লাখ ৫৮ হাজার ৫৭৬ জন।
চলতি বছরে হাম ও উপসর্গে সবচেয়ে বেশি ৫০৮ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ১৭৬, রাজশাহীতে ৯৬, ময়মনসিংহে ৮০, চট্টগ্রামে ৮৯, বরিশালে ৭৯, খুলনায় ৪৪ ও রংপুর বিভাগে ১৫ জন মারা গেছে।.
সিলেটে হাসপাতালে আরো ১৩১ জন
সিলেট ব্যুরো জানায়, সিলেটে হাম ও উপসর্গে মৃত্যুহীন কেটেছে গত ২৪ ঘণ্টা। তবে হাসপাতালে রোগী ভর্তির চাপ অব্যাহত রয়েছে। এ সময়ে সন্দেহজনক হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে এই বিভাগে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪১ জনে।
গতকাল এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম।
দোয়ারাবাজারে ছড়াচ্ছে বড়দের শরীরেও 
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা জানান, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় হামের প্রকোপ তীব্র আকার ধারণ করেছে। শিশুদের পাশাপাশি বড়দের শরীরেও ছড়িয়ে পড়ছে এই রোগ। গত ১৫ দিনে শতাধিক শিশু-কিশোর এই রোগের সাদৃশ্য উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। এই পর্যন্ত হাম রোগে আক্রান্ত হয়ে পাঁচ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়া তথ্য অনুযায়ী, গতকাল হামের উপসর্গ নিয়ে ২৬ জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তাদের জন্য আলাদা ইউনিট খোলা রাখা হয়েছে।