নিজস্ব প্রতিবেদক
রাজধানীর একটি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর এবং একজন কনটেন্ট ক্রিয়েটরের স্টুডিওতে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘চরমভাবে ভেঙে পড়েছে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি।
এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, গত ২৫ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর মিরপুর-১-এ নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয় এবং পরে স্থাপনাটি দখলে নিতে সাইনবোর্ড টাঙানো হয়। গণমাধ্যমের বরাত দিয়ে তিনি দাবি করেন, এই ঘটনায় সংরক্ষিত নারী আসনের বিএনপির এক সংসদ সদস্যের মদদপুষ্ট ব্যক্তিরা জড়িত। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত মূল হোতাসহ জড়িতদের গ্রেফতার এবং স্বাস্থ্যসেবা পুনরুদ্ধারে ক্ষতিপূরণ ও অবকাঠামো সংস্কারে সরকারের দ্রুত পদক্ষেপ দাবি করেন।
গোলাম পরওয়ার আরো জানান, গত ২৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালিয়ে সরঞ্জাম ভাঙচুর ও মূল্যবান সম্পদ লুটপাট করা হয়। গণমাধ্যমের খবরের বরাতে তিনি বলেন, দুই পক্ষের জমিসংক্রান্ত বিরোধ থেকে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। একই সময়ে নয়া পল্টনের ইসলামী ব্যাংক স্পেশালাইজড অ্যান্ড জেনারেল হাসপাতালেও ভাঙচুর ও স্টাফদের মারধরের ঘটনা ঘটে বলে তিনি উল্লেখ করেন।
এসব ঘটনায় জড়িতদের অতি দ্রুত শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়ে গোলাম পরওয়ার বলেন, দখলবাজি ও চাঁদাবাজির উদ্দেশ্যে জনসেবামূলক প্রতিষ্ঠানে হামলার ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিফলন। তিনি নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
চট্টগ্রামে কর্মী সম্মেলন
এ দিকে চট্টগ্রাম নগরীর কিশলয় কমিউনিটি সেন্টারে চকবাজার থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, আল্লাহর বিধান ছাড়া মানুষের কোনো মতবাদ পৃথিবীতে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। জনগণের রায়কে সম্মান জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশের রায় মেনে নেয়া সরকারের দায়িত্ব।
তিনি দ্রব্যমূল্য, জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করে বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও চাকরিক্ষেত্রে দলীয়করণের অভিযোগ তুলে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিতের আহ্বান জানান তিনি। জুলাই সনদ বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।
সম্মেলনে প্রধান বক্তা মুহাম্মদ শাহজাহান বলেন, সরকার পুরাতন ফ্যাসিবাদী ব্যবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করলে দেশের মানুষ তা মেনে নেবে না। বিশেষ অতিথি শাহজাহান চৌধুরী বলেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং নাগরিকদের জানমাল ও সম্মানের নিরাপত্তা নিশ্চিতের ওপর ভিত্তি করেই একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। সম্মেলনে চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলামসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের একাধিক নেতা বক্তব্য রাখেন।





