রাজশাহী মহানগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির দায়ে রাজ বেকস লাইভ বেকারিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার দুপুরে রাজশাহী জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়ের যৌথ উদ্যোগে নগরীর মহিলা কলেজসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ফারহানা হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ উপস্থিত ছিলেন। এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।





