সংসদ প্রতিবেদক
সমাজের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলটিং কার্যক্রম ইতোমধ্যে ৫২ জেলার ৫৪ উপজেলার ৫৬টি ওয়ার্ডে বাস্তবায়ন করা হয়েছে। গত ১০ মার্চ থেকে ফ্ল্যাগশিপ কর্মসূচি হিসেবে শুরু হওয়া এ কার্যক্রমের অগ্রগতি ও সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং এর অধীন দফতর-সংস্থাগুলোর সার্বিক কার্যক্রম নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আলোচনা হয়েছে।
গতকাল জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো: শাহজাহানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো: জাহিদ হোসেন, প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, সরওয়ার জামাল নিজাম, মোহাম্মদ সালমান ওমর, আরিফা সুলতানা, নিপুণ রায় চৌধুরী ও মো: মজিবুর রহমান নেন।
স্বাগত বক্তব্যে কমিটির সভাপতি প্রান্তিক পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও স্থায়ী কমিটিকে সহযোগিতার ভিত্তিতে একসাথে কাজ করার আহ্বান জানান।
বৈঠকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং এর অধীনস্থ অধিদফতর ও সংস্থাগুলোর সার্বিক কার্যক্রম স্থায়ী কমিটির সদস্যদের সামনে উপস্থাপন করা হয়। এ সময় মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম, অধীন দফতর ও সংস্থার কর্মকাণ্ড এবং জনকল্যাণমূলক কর্মসূচিগুলোর বিষয়ে কমিটির সদস্যদের অবহিত করা হয়।
বৈঠকে জানানো হয়, গত ১০ মার্চ পাইলটিং হিসেবে শুরু হওয়া ফ্যামিলি কার্ড কর্মসূচির (ফ্ল্যাগশিপ প্রোগ্রাম) আওতায় এ পর্যন্ত ৫২টি জেলার ৫৪টি উপজেলার ৫৬টি ওয়ার্ডে কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়, বিভাগ ও দফতর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





