নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কেন্দ্রীয় শিক্ষা বিভাগের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুজিবুর রহমান এমপি বলেছেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান প্রয়োজনীয় শর্তপূরণ করেছে, সেগুলো দ্রুত এমপিওভুক্ত করা উচিত। নন-এমপিও শিক্ষকদের যৌক্তিক দাবির প্রতি জামায়াতে ইসলামীর সমর্থন রয়েছে।
গতকাল রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাথে বৈঠকে তিনি এ কথা বলেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বিএনপি নির্বাচনের আগে বলেছিল, ক্ষমতায় গেলে নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করবে। কিন্তু তারা এখন তা করছে না। জামায়াতের এমপিরা বিভিন্ন এলাকার সমস্যা নিয়ে কথা বলছেন এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে মতবিনিময় করছেন। অধিকার আদায়ে শিক্ষকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, যারা দীর্ঘ দিন শিক্ষকতায় জড়িত কর্মজীবনের শেষ সময়ে এসে তাদের খালি হাতে বিদায় করা খুবই অমানবিক। মানবিক কারণে শিক্ষা মন্ত্রণালয়ের উচিত তাদের আর্থিক সহায়তা দেয়া। নন-এমপিও শিক্ষকরা স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। এ কারণে তাদের প্রতি শিক্ষামন্ত্রী ও সরকারের সংশ্লিষ্টদের দৃষ্টি দেয়া উচিত।
বৈঠকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার ক্ষেত্রে বৈষম্য রয়েছে। এ বৈষম্য দূর করতে হবে। প্রয়োজনীয় শর্তপূরণ করা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার ক্ষেত্রে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
এ সময় শিক্ষক নেতারা তাদের সমস্যাগুলো জানাতে শিক্ষামন্ত্রী ও স্পিকারের সাথে সাক্ষাৎ করে মানবিক দাবিগুলো সরকারের কাছে তুলে ধরার কথা জানান।
বৈঠকে সম্মিলিত নন-এমপিও শিক্ষক ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ মো: দবিরুল ইসলাম ও অধ্য নাজমুস শাহাদাৎ আজাদী, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মো: মনিমুল হক, অধ্য সাজ্জাদ হোসেন, অধ্যক্ষ বাকী বিল্লাহ, অধ্যক্ষ মিজানুল হক মামুন, প্রভাষক মাওলানা মোবারক হোসেন, প্রভাষক রায়হান কবীর মিঠু, প্রভাষক মো: গোলাম মোস্তফা ও সহকারী শিক্ষক জাহিদ হাসান উপস্থিত ছিলেন।