নয়া দিগন্ত ডেস্ক
সড়ক দুর্ঘটনায় গাজীপুরে এক ব্যবসায়ীসহ দুইজন এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে একজন নিহত হয়েছেন।
গাজীপুর জেলা প্রতিনিধি জানান, গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- মাছ ব্যবসায়ী দিলু (৬০) ও মহসড়কের পাশে অপেক্ষমাণ লোকমান হোসেন (৫০) । মঙ্গলবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার ভবানীপুর জেসন গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লোকমান হোসেন ভবানীপুর এলাকার সোনা মিয়া হাজীর ছেলে। নিহত দিলুর বাড়ি নেত্রকোনা জেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে লোকমান হোসেন মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মাছবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। পরে গাড়িটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে গিয়ে ধাক্কা দেয়। এতে মাছবাহী গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। গাড়ির চালকের পাশের সিটে থাকা মাছ ব্যবসায়ী গাড়ির ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ দিকে গুরুতর আহত লোকমান হোসেন ও দিলুকে স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে নেয়ার পর চিকিৎসক লোকমানকে মৃত ঘোষণা করেন। এর কিছু সময় পর দিলুও মারা যান।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের কাঞ্চন ব্রিজ সংলগ্ন কেন্দুয়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত ট্রাকের নিচে চলে যায়। এ সময় ট্রাক চাপায় আমির হোসেন (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নাসির উদ্দিন (৩৭) নামে আরো এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমির হোসেন ঢাকার শাহজাহানপুর এলাকায় বসবাস করতেন এবং রাজধানীর একটি কাপড়ের দোকানে চাকরি করতেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আমির হোসেন ও নাসির উদ্দিন মোটরসাইকেলে ঢাকার শাহজাহানপুর থেকে নরসিংদীর উদ্দেশে যাত্রা করেছিলেন।
পথে এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন পৌরসভার কেন্দুয়া এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই আমির হোসেন নিহত হন। গুরুতর আহত হন নাসির উদ্দিন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। আহত নাসির উদ্দিনকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ ও ট্রাকটি জব্দ করে রূপগঞ্জ থানায় রাখা হয়েছে।





