রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজনৈতিক দ্বন্দ্বের জেরে যুবদল নেতাকর্মীদের সাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া, পালটা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় ফাঁকা গুলি করে এলাকায় আতঙ্ক সৃষ্টিসহ প্রতিপক্ষের ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা ভাঙচুর করা হয়। এ ঘটনায় তিনজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। সোমবার রাতে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে তারাব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আরজু ভূঁইয়ার সাথে রাজনৈতিক বিষয় নিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রাফিন ভূঁইয়ার বাগি¦তণ্ডা হয়। একপর্যায়ে আরজু ভূঁইয়া রাফিন ভূঁইয়ার মাথায় ইট দিয়ে আঘাত করলে তিনি ক্ষিপ্ত হয়ে চলে যান।
পরে মুড়াপাড়া এলাকা থেকে দু’টি মোটরসাইকেলে বরপা বাসস্ট্যান্ডে এসে ৪ রাউন্ড ফাঁকা গুলি করেন। এ সময় পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষের মাঝে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পরে রাফিন ভূঁইয়ার লোকজনের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় আরজুু ভূঁইয়ার লোকেরা।
এ সময় যুবদল নেতা কর্মীরা জড়ো হয়ে নানা ধরনের স্লোগান দেন এবং ছাত্রলীগ নেতা ও তার আত্মীয়স্বজনের ১৬টি ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করে। এতে বাধা দিতে এলে ইয়ার হোসেনসহ তিনজন আহত হন। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলার সিনিয়র এএসপি মেহেদী ইসলামের নেতৃত্বে রূপগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।





