নয়া দিগন্ত ডেস্ক

দেশে হামের উপসর্গে গত সোমবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন ঢাকা বিভাগে অন্য দুইজন চট্টগ্রাম ও সিলেট বিভাগে মারা গেছে। তবে এ সময় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছরে দেশে হাম ও উপসর্গে মৃত্যু এক হাজার ১০০ পার হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে একই সময় নতুন করে নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন মোট এক হাজার ৩৩৯ জন। এর মধ্যে এক হাজার ২৫৫ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ৮৪ জনের। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১৮৬ জন, আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ৯৩ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট এক হাজার ১০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ শিশু, আর উপসর্গ নিয়ে মারা গেছে এক হাজার তিনজন।
একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে এক লাখ ৯০ হাজার ৫১০ জনের। আর হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ২১ হাজার ৩৯২ জন। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে দুই লাখ ১১ হাজার ৯০২ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৬৮ হাজার ৬৫৫ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে এক লাখ ৬১ হাজার ৭৯৮ জন।
চলতি বছরে হাম ও উপসর্গে সবচেয়ে বেশি ৫১৫ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ৮০, রাজশাহীতে ৯৬, ময়মনসিংহে ৮১, চট্টগ্রামে ৯৪, বরিশালে ৭৯, খুলনায় ৪৪ ও রংপুর বিভাগে ১৫ জন মারা গেছে।
সিলেটে আরেক শিশুর মৃত্যু
সিলেট ব্যুরো জানায়, সিলেটে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আফরোজা (৯ মাস) সিলেট সদর উপজেলার বাসিন্দা। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮০ জনে। একই সময়ে নতুন করে ২০১ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
গতকাল এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে সন্দেহজনক হাম ও উপসর্গ নিয়ে ২০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ১৫ মার্চ থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হাম ও উপসর্গে মোট ১৮০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ১৭০ জন এবং নিশ্চিত হামে ১০ জন মারা গেছেন। এর মধ্যে সিলেটে ৭৩, হবিগঞ্জে ২৬, মৌলভীবাজারে ১৫ এবং সুনামগঞ্জে ৬৬ জনের মৃত্যু হয়েছে। আর চলতি বছরে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট এক হাজার ৬৯ জন হামরোগী শনাক্ত হয়েছেন।