খুলনা ব্যুরো
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, রাষ্ট্রের দায়িত্ব শুধু অবকাঠামো নির্মাণ নয়, জনগণের মেধা ও মানবসম্পদকে গড়ে তোলা। বিশ্বের বিভিন্ন দেশ তাদের মেধাবী তরুণদের জন্য শিক্ষা, গবেষণা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। বাংলাদেশে সে ধরনের পরিকল্পিত উদ্যোগের ঘাটতি রয়েছে। গতকাল বুধবার দুপুরে খুলনা বিএল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে কলেজ অডিটোরিয়ামে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
কলেজ ছাত্রশিবির সভাপতি মাহী চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী আমির মোহাম্মদ মাহফুজুর রহমান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী, খুলনা মহানগর ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান, সেক্রেটারি ইসরাফিল হোসেন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ও বিএল কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস শেখ কামরুল আলম, সাবেক মহানগর সভাপতি মুকাররম বিল্লাহ আনসারী প্রমুখ।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, বিভিন্ন দেশে অর্থনীতি ও অন্যান্য বিষয়ে মেধাবী শিক্ষার্থীদের রাজনীতিতে আনার উদ্যোগ নেয়া হয়। সিঙ্গাপুরে রাজনীতিতে আমলাদের বদলে রাজনীতিবিদদের নেতৃত্ব দেয়ার অন্যতম কারণ দেশটি মেধাবী ও যোগ্য ব্যক্তিদের রাজনীতিতে নিয়ে আসে। চীন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ তাদের বিপুল জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে। সেখানে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা বের হওয়ার পর তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে ।
সরকারি চাকরিতে নিয়োগের প্রসঙ্গে ছাত্রশিবির সভাপতি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে বিসিএসের মৌখিক পরীক্ষায় দলীয় বিবেচনায় নম্বর দেয়ার মাধ্যমে নিয়োগে বৈষম্য করা হয়েছে। দলীয় পরিচয় না থাকলে কিংবা মাদরাসা থেকে আসা শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষায় কম নম্বর দেয়া হতো। বর্তমান সরকারের আমলেও মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে বলে দাবি করেন নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, চাকরির ক্ষেত্রে কোনো ধরনের দলীয় বা রাজনৈতিক বিবেচনা গ্রহণযোগ্য নয়। জনগণের করের টাকায় সরকারি চাকরির বেতন দেয়া হয়, তাই নিয়োগের ক্ষেত্রেও জনগণের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে। পুলিশি যাচাই-বাছাইয়ের কারণে প্রাথমিকের প্রায় এক হাজার প্রার্থী চাকরি থেকে বঞ্চিত হয়েছেন। তার অভিযোগ, রাজনৈতিক আনুগত্য বা স্থানীয় নেতার সুপারিশ না থাকাকে কোনো কোনো ক্ষেত্রে চাকরি না দেয়ার কারণ হিসেবে ব্যবহার করা হচ্ছে।
এর আগে সকাল সাড়ে ৮টায় খুলনা দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসা শাখা আয়োজিত আলিম প্রথম বর্ষের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে নুরুল ইসলাম সাদ্দাম বক্তৃতা দেন। মাদরাসার হাজী শেখ আব্দুর রশিদ মিলনায়তনে খুলনা দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসা শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী আমির মোহাম্মদ মাহফুজুর রহমান। মাদরাসা থানা শাখার সেক্রেটারি নাঈম হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান, সেক্রেটারি ইসরাফিল হোসেন প্রমুখ।





