ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সাথে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ গতকাল বুধবার তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা, গবেষণা, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, বৃত্তি এবং দক্ষতা উন্নয়নসহ পারস্পরিক সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে আলোচনা করেন।
অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে শিক্ষার্থী ও গবেষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা হচ্ছে। বিশেষ করে জার্মানির বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং বৃত্তি কার্যক্রম আরো সম্প্রসারণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
জার্মান রাষ্ট্রদূত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানের প্রশংসা করেন। তিনি জার্মানিতে বাংলাদেশী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ, বৃত্তি এবং দুই দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন সম্ভাবনা তুলে ধরেন। বিশেষ করে শিক্ষার্থীদের শিক্ষা ও প্রশিক্ষণকে শিল্পখাতের চাহিদার সাথে আরো সামঞ্জস্যপূর্ণ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রদূত আরো বলেন, জার্মানি দক্ষ জনশক্তির প্রয়োজনীয়তা অনুভব করছে এবং আন্তর্জাতিক শিক্ষার্থী ও দক্ষ পেশাজীবীদের জন্য উচ্চশিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের বিষয়ে কাজ করছে। বাংলাদেশী শিক্ষার্থী ও গবেষকদের সাথে জার্মানির শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের যোগাযোগ বৃদ্ধির সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। বিজ্ঞপ্তি।