আজ ১ অক্টোবর প্রবীণ রাজনীতিক, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের ৮১তম জন্মদিন! আজ ৮০ পেরিয়ে ’৮১ বছরে পদার্পণ করেন তিনি।
ড. খন্দকার মোশাররফ ১৯৪৬ সালের ১ অক্টোবর কুমিল্লার দাউদকান্দি উপজেলার গয়েশপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ও চেয়ারম্যান, প্রথিতযশা ভূ-বিজ্ঞানী, গবেষক, লেখক ও কলামিস্ট।
বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মবহুল জীবনে তিন মেয়াদে মন্ত্রী ও পাঁচবার এমপি হয়ে নির্বাচনী এলাকায় দাউদকান্দি পৌরসভা ও নতুন উপজেলা তিতাস প্রতিষ্ঠা, ড. মোশাররফ ফাউন্ডেশনের উদ্যোগে দু’টি ডিগ্রি কলেজ, তিনটি হাইস্কুল, একটি দাখিল মাদরাসা, একটি নূরানী মাদরাসা ও এতিমখানা কমপ্লেক্স প্রতিষ্ঠা করেছেন ।
সর্বশেষ ২০২৬ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে তিনি বিপুল ভোটের ব্যবধানে কুমিল্লা-১ আসনে পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। মুক্তিযুদ্ধের সপক্ষে বিশ্বজনমত সৃষ্টির জন্য খন্দকার মোশাররফ ’৭১ সালে বিলেতে ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে নেতৃত্ব দেন।
তিনি ফ্যাসিস্ট হাসিনা সরকার হটানোর এক দফা এবং দেশ ও জনগণের স্বার্থরক্ষার প্রতিটি আন্দোলনে বীরোচিত ভূমিকা রেখেছেন। ড. মোশাররফ বিভিন্ন সরকারের প্রতিহিংসার শিকার হয়ে ষড়যন্ত্রমূলক রাজনৈতিক মামলায় ১৯৮৬, ১৯৯৬, ২০০৭, ২০১২ এবং ২০১৪ সালে গ্রেফতার হয়ে প্রায় পাঁচ বছর কারাভোগ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে সাড়া দিয়ে ’৭৯ সালে ঢাবির মেধাবী শিক্ষক অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেন বিএনপির রাজনীতিতে যোগ দেন। এরপর থেকে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। ১৯৯৪ সাল থেকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তি।





