নয়া দিগন্ত ডেস্ক

দেশে হামের উপসর্গে সোমবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে মারা গেছে। তবে এ সময় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে একই সময় নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন মোট এক হাজার ৩৪৯ জন। এর মধ্যে এক হাজার ২২১ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ১২৮ জনের। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১৪৫ জন, আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ৭৫ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট এক হাজার ১০৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ শিশু, আর উপসর্গ নিয়ে মারা গেছে এক হাজার সাতজন।
একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে এক লাখ ৯১ হাজার ৭৩১ জনের। আর হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ২১ হাজার ৫২০ জন। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে দুই লাখ ১১ হাজার ৯০২ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৬৯ হাজার ৮০০ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে এক লাখ ৬২ হাজার ৮৭৩ জন।
সিলেটে আরেক শিশুর মৃত্যু
সিলেট ব্যুরো জানায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সালমান (১ বছর) নামে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে সে। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮১ জনে। এর মধ্যে শুধু চলতি সেপ্টেম্বর মাসেই মারা গেছে ২৯ জন। একই সময়ে নতুন করে ১৬৪ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ১২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৮১ জনে।