নিজস্ব প্রতিবেদক

শ্রমজীবী মানুষের ঘরেও মেধাবী সন্তান তৈরি হয়, তারাও রাষ্ট্র ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখার অধিকার রাখে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
গতকাল জাতীয় প্রেস ক্লাবের কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় এ+ প্রাপ্ত শ্রমিক পরিবারের কৃতী সন্তানদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, যেসব পরিবারের একবেলা খাবার জোগাড় করাই কঠিন, তাদের সন্তানরা প্রয়োজনীয় শিক্ষা উপকরণ না পেয়েও মেধা ও পরিশ্রমে কৃতিত্ব অর্জন করছে। তাদের ঢাকায় এনে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দেয়া একটি মাইলফলক হয়ে থাকবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আজকের এই অর্জনের পেছনে রয়েছে তোমাদের বাবা-মায়ের কঠোর পরিশ্রম ও ত্যাগ। তারা নিজেদের প্রয়োজন বিসর্জন দিয়ে তোমাদের পড়াশোনার সুযোগ করে দিয়েছেন। তাই জ্ঞান, নৈতিকতা, দক্ষতা ও দেশপ্রেমে নিজেদের গড়ে দেশ পরিচালনার উপযুক্ত হতে হবে।
তিনি বলেন, তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতে চিকিৎসক, প্রকৌশলী, ব্যারিস্টার, বিচারক, প্রশাসনের কর্মকর্তা কিংবা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তি তৈরি হতে পারে। তাই মাদক, দুর্নীতি, অশ্লীলতা, কিশোর গ্যাং ও সামাজিক অবক্ষয় থেকে নিজেদের দূরে রেখে সততা ও নৈতিকতার ভিত্তিতে জীবন গড়তে হবে।
শ্রমজীবী অভিভাবকদের উদ্দেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, সন্তান মাদকাসক্ত নয়, সন্ত্রাসী নয়, অপরাধের সাথে জড়িত নয়- এটাই একজন বাবা-মায়ের বড় অর্জন। অর্থসম্পদের চেয়ে সৎ ও যোগ্য সন্তানই শ্রেষ্ঠ সম্পদ এবং তারা গর্বিত হওয়ার অধিকার রাখেন।
তিনি আরো বলেন, দুর্নীতি, লুটপাট, জুলুম ও মানুষের অধিকার হরণের পরিবেশ থেকে দেশকে মুক্ত করতে হবে। ন্যায়, ইনসাফ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যে কাজ করে যাচ্ছে, তা এগিয়ে নিতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান সভাপতির বক্তব্যে বলেন, শ্রমিকের সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে দেশের দায়িত্বভার বহনের যোগ্য করে গড়ে তুলতে হবে। এ জন্য শ্রমিক পরিবারের মেধাবী সন্তানদের উৎসাহিত ও পুরস্কৃত করার মাধ্যমে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করছে।
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লসকর মো: তসলিম ও কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসাইনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. ইলিয়াস মোল্লা এমপি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা খলিলুর রহমান মাদানী ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) সাবেক চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ।
মোটিভেশনাল স্পিকার হিসেবে বক্তব্য রাখেন দ্য ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস বাংলাদেশ ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. বিলাল হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক আজিজুর রহমান আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম, ইবনে সিনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. হাসান আল বান্না।