চুয়াডাঙ্গা প্রতিনিধি ও দামুড়হুদা সংবাদদাতা  
চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর গ্রামে পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ এক আওয়ামী লীগ নেতা পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার রাত ৯টার দিকে এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনায় নারীসহ চারজনকে আটক করা হয়। 
পুলিশ জানায়, পলাতক আবু ছিদ্দিক (৫৫) কুড়ুলগাছি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য। তার বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পুলিশের একটি দল চণ্ডীপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে হ্যান্ডকাফ পরায়। এ সময় তার স্বজন ও সমর্থকরা পুলিশকে ঘিরে ধরে হামলা চালায়। একপর্যায়ে বিশৃঙ্খলার সুযোগে হ্যান্ডকাফ পরা অবস্থায় আবু ছিদ্দিক দৌড়ে পালিয়ে যায়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। 
ঘটনার পর পুলিশ এলাকা ঘিরে পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান শুরু করে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনায় লণ, ফিরোজ, কণা ও সোনালী নামে চারজনকে আটক করা হয়েছে।
দামুড়হুদা-জীবননগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: নুরুল্লাহ বলেন, আসামিকে গ্রেফতারের সময় তার স্বজনরা পুলিশের ওপর হামলা চালায়। পলাতককে গ্রেফতারে অভিযান চলছে। দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) মো: মুখলেসুর রহমান জানান, ঘটনার বিষয়ে তদন্তের পাশাপাশি আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।