নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে অবৈধ ফুটপাথ উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে হকারদের ব্যাপক সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় চারটি মামলা হয়েছে। এসব মামলায় প্রায় দুই হাজার অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। ওই মামলায় ইতোমধ্যে অন্তত ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ডিএমপি থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। 
পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে হোপমার্কেটের দিকে ফুটপাথের অবৈধ দখল উচ্ছেদে অভিযান শুরু করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানের একপর্যায়ে হোপমার্কেট সংলগ্ন বায়তুল কুদ্দুস জামে মসজিদ মার্কেটের সামনের ভাসমান দোকান সরাতে গেলে ভেকুর আঘাতে বৈদ্যুতিক তার ছিঁড়ে আগুন ধরে যায় এবং পাঁচটি দোকান পুড়ে যায়। এর পরপরই ক্ষুব্ধ হকাররা ইটপাটকেল ছুড়ে ডিএনসিসি কর্মী ও পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা ডিএনসিসির তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ট্রাফিক পুলিশ বক্স ও পুলিশের গাড়ি ভাঙচুর করে। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিপে করে। 
ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার ও থানার ওসিরা জানান, সরকারি কাজে বাধা, হামলা ও গাড়ি পোড়ানোর অভিযোগে মিরপুর মডেল থানায় তিনটি ও কাফরুল থানায় একটিসহ মোট চারটি মামলা হয়েছে। এসব মামলায় ১৭ জনের নাম উল্লেখসহ প্রতিটি মামলায় ৪০০ থেকে ৫০০ জন করে মোট প্রায় দুই হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও ছবি দেখে আসামিদের শনাক্তে অভিযান চালিয়ে ইতোমধ্যে ২৫ থেকে ৩০ জনকে গ্রেফতার বা আটক করা হয়েছে।
গৃহকর্মীকে ধর্ষণের দায়ে দম্পতি গ্রেফতার: রাজধানীর ধানমন্ডি এলাকায় দীর্ঘদিন ধরে এক গৃহকর্মীকে গভীর রাত পর্যন্ত কাজ করানো, ঝিমুনি এলে হাত-পা বেঁধে মারধর এবং শরীরে গরম খুন্তির ছ্যাঁকা দেয়ার  মতো পাশবিক নির্যাতনের পাশাপাশি ধারাবাহিকভাবে ধর্ষণ করার অভিযোগ মিলেছে। এ ঘটনায় ওই গৃহকর্মীর পক্ষে জাতীয় ফোরাম বাংলাদেশের মামলা করার পর পুলিশ অভিযুক্ত গৃহকর্তা নাসিরুল হক সিদ্দিকী ও স্ত্রী শাহনাজ সিদ্দিকীকে গ্রেফতার করেছে। 
ধানমন্ডি থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, প্রাথমিক তদন্তে অমানবিক নির্যাতনের সত্যতা মিলেছে এবং ভিকটিমকে শারীরিক পরীার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার : দেশজুড়ে অনলাইন জুয়া ও বেটিং সাইটের বিরুদ্ধে চলমান অভিযানে যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে স্নিগ্ধ সিকদার (৩১) নামে আন্তর্জাতিক জুয়া চক্রের এক এজেন্টকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। সিআইডি মিডিয়া উইংয়ের এসপি মো: ছুফি উল্লাহ জানান, এর আগে আটক জুয়া চক্রের প্রধান সমন্বয়কারী সুমন রায়ের আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দীর ভিত্তিতে স্নিগ্ধকে গ্রেফতার করা হয়। চক্রটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমএফএস ও ব্যাংক হিসাবের মাধ্যমে জুয়ার কোটি কোটি টাকা সংগ্রহ করে কমিশন রেখে বাকি অর্থ ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশে পাচার করত।
আমেরিকায় চাকরির প্রলোভনে টাকা আত্মসাৎ : এদিকে ফেসবুকে আমেরিকার বিভিন্ন পেজে লোভনীয় চাকরির বিজ্ঞাপন দিয়ে তিন লাখ ৮৩ হাজার ৮১০ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের অন্যতম সদস্য মো: তানভির হাসানকে (২৮) গ্রেফতার করেছে সিআইডি সাইবার পুলিশ। দণিখানের আজমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গতকাল সিআইডি জানায়, ভুক্তভোগীকে আমেরিকার একটি কোম্পানির ভুয়া অফার লেটার পাঠিয়ে ধাপে ধাপে ব্যাংক ও বিকাশ হিসাবের মাধ্যমে এই টাকা হাতিয়ে নেয় চক্রটি। টাকা দেয়া বন্ধ করলে ভয়ভীতি ও হুমকি দেয়া হতো। এ ঘটনায় তেজগাঁও থানায় দায়েরকৃত মামলার তদন্তভার নিয়ে মূল অভিযুক্তকে আটক করেছে সিআইডি।