ঢাকা জেলা প্রতিনিধি
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগরে একটি পোশাকের দোকানে কেনাকাটা করতে গিয়ে এক নারী ও তার দুই শিশুসন্তানকে মারধর এবং স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী দৈনিক নয়া দিগন্তের রিপোর্টার শামীম হাওলাদার (৫০) দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর বিকেলে শামীম হাওলাদারের স্ত্রী মুরশিদা আক্তার শিমু তার তিন ছেলেকে নিয়ে আগানগর মার্কেটে যান। আগানগর হাজী আবদুল বারেক রোডের ‘মায়ের দোয়া ফ্যাশন’ নামের একটি দোকানে কেনাকাটার সময় দরদাম নিয়ে দোকানের কর্মচারীদের সাথে তর্ক হয়।
একপর্যায়ে দোকানের তিন-চারজন অজ্ঞাত স্টাফ ওই নারীকে অকথ্য ভাষায় গালাগালি করেন। এ সময় সাথে থাকা তার বড় ছেলে আলিফ (১৫) প্রতিবাদ করলে তাকে এলোপাতাড়ি মারধর ও গলা চেপে ধরা হয়। ছেলেকে বাঁচাতে মা এগিয়ে গেলে তার হাতে কমলা রঙের পার্টস ব্যাগে থাকা সাত হাজার ৫০০ টাকা এবং হাতে থাকা তিন আনা ওজনের স্বর্ণের ব্রেসলেট, যার মূল্য প্রায় ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
পরে ছোট ছেলে আওলা (১১) এগিয়ে গেলে তাকে লোহার মোড়া দিয়ে আঘাত করে জখম করা হয়। পরে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে। ভুক্তভোগী শামীম হাওলাদার কেরানীগঞ্জ মডেল টাউনে পরিবার নিয়ে বসবাস করেন।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





