সংসদ প্রতিবেদক
দেশের মসজিদগুলোতে বিদ্যুতের সুষ্ঠু ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন এবং মসজিদগুলোতে রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সাথে সরকারি খরচে যারা হজে যান, তাদের জন্যও একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের সুপারিশ করা হয়েছে। মানুষের সেবা নিশ্চিত করতে ইসলামী ফাউন্ডেশন পরিচালিত একই হাসপাতাল ও মিশনে দীর্ঘদিন কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত বদলিরও সুপারিশ করেছে কমিটি।
গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল এমপির সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। পরে কমিটির সদস্যদের সাথে ধর্মবিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
বৈঠকে ধর্মবিষয়ক মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন দফতর, অধিদফতর, সংস্থা, ট্রাস্ট ও ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়। এ সময় হজ ব্যবস্থাপনা, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এবং খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যক্রম তুলে ধরা হয়।
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দফতর-সংস্থাগুলোর ১৮০ দিনের কর্মপরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতি, জনবল, বাজেট, ভিশন, মিশন ও কার্যাবলী সম্পর্কে কমিটিকে বিস্তারিত জানানো হয়। একই সাথে উল্লেখযোগ্য অর্জন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনাও উপস্থাপন করা হয়।
উপস্থাপিত বিষয়গুলোর ওপর আলোচনায় অংশ নিয়ে কমিটির সদস্যরা মসজিদে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। দেশের বিপুলসংখ্যক মসজিদে বিদ্যুতের ব্যবহারকে আরো সাশ্রয়ী ও পরিবেশবান্ধব করতে রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণেরও সুপারিশ করেন তারা।
কমিটির সদস্যরা সরকারি অর্থে হজে যাওয়া ব্যক্তিদের বিষয়েও নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার কথা বলেন। সরকারি খরচে কারা হজে যেতে পারবেন, কী ধরনের নীতিমালার আওতায় তাদের নির্বাচন করা হবে এবং এ ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি কিভাবে নিশ্চিত করা হবে- এসব বিষয়ে একটি সুনির্দিষ্ট কাঠামো থাকা প্রয়োজন বলে মত দেন তারা।
বৈঠকে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত হাসপাতাল ও মিশনে দীর্ঘদিন ধরে একই কর্মস্থলে কর্মরত চিকিৎসক এবং কর্মকর্তা-কর্মচারীদের বিষয়েও আলোচনা হয়। মানুষের সেবা নিশ্চিত করার লক্ষ্যে দীর্ঘদিন একই কর্মস্থলে থাকা এসব চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীকে দ্রুত বদলি করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি।
বৈঠকে কমিটি সদস্য আজহারুল ইসলাম মান্নান এমপি, মো: জাহিদুর রহমান এমপি, নুরুল আমিন এমপি, সূবর্না সিকদার এমপি, মো: নুরুল আমীন এমপি, মোহাম্মদ আবুল হাসান এমপি এবং মুহাম্মাদ আব্দুল খালেক এমপি অংশ নেন।
বৈঠকে ধর্মবিষয়ক মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন দফতর, অধিদফতর, সংস্থা, ট্রাস্ট ও ফাউন্ডেশনের প্রধানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।





