নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) থেকে সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন মানুষের মধ্যে এককালীন আর্থিক অনুদান ও চেক বিতরণ করা হয়েছে। সোমবার নাচোলে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে মোট এক লাখ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু মিজানুর রহমান। এতে সভাপতিত্ব করেন নাচোল ইউএনও প্রিয়াঙ্কা দাস। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় পৌর জামায়াতের আমির ও মেয়র পদপ্রার্থী মো: মনিরুল ইসলাম, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আমিনুল ইসলাম এবং পৌর জামায়াতের নায়েবে আমির মো: রফিকুল ইসলামসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতারা।
উপকারভোগীরা এনজিও বা সরকারি এই আর্থিকসহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং বিপদের দিনে পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। সভায় বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। এই সহায়তার মাধ্যমে তাদের সাময়িক আর্থিক কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। ভবিষ্যতে প্রকৃত দুস্থদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেয়ার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।