ভোলা প্রতিনিধি 
ভোলার মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে বিদ্যুৎ কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে হামলা-মারধরের ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। গত সোমবার দুপুরে উপজেলার সদর ডাকবাংলো মোড়ের ওজোপাডিকো বিদ্যুৎ অফিসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দু’পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেছে। 
আহতরা হলেন ওজোপাডিকোর উপসহকারী প্রকৌশলী মনিরুজ্জামান মনির এবং হাজিরহাট বাজারের ব্যবসায়ী ও বিদ্যুৎ গ্রাহক শরিফ, আক্তার, সোহাগ ও নিরব। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে। 
স্থানীয় গ্রাহকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাতে এক থেকে দেড় ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এ নিয়ে অভিযোগ জানাতে গেলে কথাকাটাকাটির একপর্যায়ে তাদের মারধর করা হয়। অতিরিক্ত সময় বিদ্যুৎ দেয়ার জন্য উপসহকারী প্রকৌশলী অতিরিক্ত টাকা দাবি করেন বলেও অভিযোগ করেন তারা। এ ঘটনার বিচার দাবিতে হাজিরহাট বাজারের ব্যবসায়ী ও গ্রাহকরা বিক্ষোভ-মিছিল করে ইউএনও কার্যালয়ে স্মারকলিপি দেন। 
তবে উপসহকারী প্রকৌশলী মনিরুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহে সমস্যা হচ্ছে। গ্রাহকরা তার ওপর হামলা করেছেন। অতিরিক্ত টাকা দাবির অভিযোগও তিনি অস্বীকার করেন।
আবাসিক প্রকৌশলী ফরিদুল ইসলাম জানান, পাওয়ার হাউজের তিনটি মেশিনের মধ্যে দু’টি নষ্ট থাকায় একটি মেশিন দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। সন্দ্বীপ থেকে একটি মেশিন এনে সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেয়া হয়েছে। 
মনপুরা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিদ্যুৎ অফিসে হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। অন্য দিকে স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার তড়িৎ চন্দ্র শীল বলেন, বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।