নুরুল কবির আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর বশিরুজ্জামান উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় ভর্তি করে এক হাজার ২৫০ টাকা করে নেয়ার অভিযোগ উঠেছে। ভর্তি না হলে পরবর্তী পরীক্ষায় অংশ নিতে দেয়া হবে না বলেও ভয় দেখানো হচ্ছে বলে ভুক্তভোগীদের অভিযোগ।
শিক্ষার্থীদের অভিযোগ, তারা গত শিক্ষাবর্ষের শিক্ষার্থী। নিয়ম অনুযায়ী শুধু অকৃতকার্য বিষয়ে পরীক্ষায় অংশ নেয়ার কথা থাকলেও বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের নতুন করে ভর্তির শর্ত দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী বলে, বাধ্য হয়ে তারা টাকা দিচ্ছে। তা ছাড়া ভর্তি করানো হলেও নিয়মিত ক্লাস করতে বলা হয়নি। উল্টো টেস্ট পরীক্ষাসহ অন্যান্য ফি-ও দিতে হবে জানানো হয়েছে। বোর্ডের এসএসসি পরীক্ষা সংক্রান্ত নির্দেশনায় রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে চার বিষয় পর্যন্ত অকৃতকার্যদের শুধু ওই বিষয়ের পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ রয়েছে। ফলে এই অতিরিক্ত টাকা আদায় নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে।
হাইলধর বশিরুজ্জামান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আইয়ুব বলেন, ইউএনও স্কুলের সভাপতি। তার নির্দেশনায় আমরা এই ফি নিচ্ছি। এটা সব স্কুলেই নেয়া হচ্ছে। তবে আনোয়ারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাধব চন্দ্র বসু বলেন, এভাবে নতুন করে ভর্তি বা ফি নেয়ার কোনো নিয়ম নেই। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিন উদ্দিন বলেন, যারা অকৃতকার্য হয়েছে, তাদের সংশ্লিষ্ট বিষয়ে টেস্ট পরীক্ষা দিতে হবে। নতুন ভর্তি ও টাকা নেয়ার বিষয়টি নিয়ে বিদ্যালয়ের সভাপতি বা পরিচালনা কমিটির সাথে যোগাযোগের পরামর্শ দেন তিনি। বিষয়টি তদন্ত সাপক্ষে নিয়মবহির্ভূত অর্থ আদায়কৃত অর্থ ফেরতের দাবি জানিয়েছে স্থানীয়রা।





