ফেনী-১ আসনের মহাজোট সমর্থিত সংসদ সদস্য জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতারের সম্পদ বেড়েছে তিনগুন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তাদের দেয়া হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপিবিহীন নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হওয়া শিরীনের হলফনামায় উল্লেখ করা হয়, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস পাশ করেছেন। আগের নির্বাচনের হলফনামায় শিরীন আখতারের ৫৮ লাখ ১১ হাজার ৪শ ৬১ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পত্তি উল্লেখ করা হলেও ৫ বছরের ব্যবধানে তা তিনগুন বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৭৭ লাখ ৮৫ হাজার ৮শ ৯০ টাকা। এর মধ্যে গাজীপুরে ৯ লাখ ৫ হাজার ৪শ ৭৫ টাকা মূল্যের ৬২ শতাংশ জমি, ধানমন্ডি ও ফেনী শহরে সাড়ে ১৯ লাখ টাকা মূল্যের ফ্ল্যাট রয়েছে। এফডিআর ও সঞ্চয় প্রকল্পে রাখা হয়েছে ৩৫ লাখ ৩৩ হাজার ৯শ ৯১ টাকা।
তবে সংসদ সদস্য হিসেবে আয় করেছেন সাড়ে ২৩ লাখ টাকা। আয়ের খাত কৃষি থেকে ২ লাখ ৬৮ হাজার ৫শ ৫০ টাকা, শেয়ার, সঞ্চয় ও ব্যাংক আমানত থেকে ২ লাখ ২২ হাজার টাকা রয়েছে।
অস্থাবর সম্পত্তি হিসাবে নগদ টাকা রয়েছে ৬০ লাখ ৩৩ হাজার ৬ শ’ ৯৩, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ ৪ লাখ ৯৯ হাজার ৫ শ’ ৮৭ টাকা, বিভিন্ন সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানতে বিনিয়োগ রয়েছে ৩৫ লাখ ৩৩ হাজার ৯ শ’ ৯১ টাকা রয়েছে। ৩৯ লাখ ৬৯ হাজার ১ শ’ ৬৯ টাকা মূল্যের একটি গাড়ি ও উপহার হিসেবে অর্জিত হয়েছে ২৫ হাজার টাকা।
১৯৭৫ সালে সামরিক আইনে রংপুরে একটি মামলায় ২ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত হলেও পরবর্তীতে তা খালাস পেয়েছেন বলে হলফনামায় উল্লেখ করা হয়।
৫ বছর আগের হলফনামায় স্বামীর সম্পত্তির হিসাব উল্লেখ না থাকলেও স্বামী মনিরুল ইসলামের কাছে নগদ টাকা রয়েছে ১১ লাখ ৪৪ হাজার ৫ শ’ ১৯ ও ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ২২ লাখ ৪৪ হাজার ৭ শ’ ৩২ টাকা।
এছাড়া ইলেকট্রিক্যাল সামগ্রী ও আসবাবপত্র বাবদ দেড় লাখ টাকার মালামাল রয়েছে।
রাজধানীর সাতমসজিদ রোড শাখার উত্তরা ব্যাংকে দুটি খাতে ২১ লাখ ৮৫ হাজার ৬ শ’ ৪৪ টাকা ঋণ রয়েছে।









