আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া-১২১) আসনের বিএনপির প্রার্থী বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক, সাবেক এমপি জহির উদ্দিন স্বপনকে প্রতিহত ও হামলার হুমকি দিয়েছিলেন গৌরনদী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. হারিছুর রহমান। এর পরিপ্রেক্ষিতে নির্বাচনী এলাকায় আসতে নিরাপত্তা চেয়ে প্রধান নির্বাচন কমিশনার ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেন স্বপন। ইসি ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে বরিশালের জেলা প্রশাসনের গৃহীত পদক্ষেপে গতকাল বুধবার বাধাহীনভাবে নির্বাচনী এলাকায় প্রবেশ করে সভা-সমাবেশ ও গণসংযোগসহ ঘোষিত কর্মসূচী পালন করেছেন স্বপন।
বুধবার দুপুর ১২টায় পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয় মাঠের অশ্বিনী মঞ্চে হাজির হন জহির উদ্দিন স্বপন। এর আগে মাঠে বিভিন্ন এলাকা থেকে খণ্ডখন্ড মিছিল এসে প্রায় ২ সহস্রাধিক নেতাকর্মী জড়ো হয়। সমাবেশে জহির উদ্দিন স্বপন তার বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্রমন্ত্রী, বরিশাল-১ আসনের এমপি আবুল হাসনাত আবদুল্লাহ, বরিশাল জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ধন্যবাদ জানান এবং এলাকার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সমাবেশ শেষে নেতাকর্মীদের নিয়ে গৌরনদীর সরিকলে নিজ বাড়িতে গিয়ে বাবা মায়ের কবর জিয়ারতের পর বিকেলে সরকিল ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।
বিএনপির অভিযোগ, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. হারিছুর রহমান বিভিন্ন সভা সমাবেশে প্রকাশ্যে জহির উদ্দিন স্বপনকে প্রতিহত ও হাত পা ভেঙ্গে গুড়িয়ে দেয়ার ঘোষণা দেন। দলীয় নেতাকর্মীদের বিভিন্নভাবে বিএনপির বিরুদ্ধে উস্কে দেন তিনি। হুমকির প্রেক্ষিতে জহির উদ্দিন স্বপন গত ৩ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাত করে নিরাপত্তা চেয়ে আবেদন করেন। ১০ নভেম্বর স্বারাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করলে মন্ত্রী যথাযথ ব্যবস্থা নিতে পুলিশের আইজিকে নির্দেশ দেন। জহির উদ্দিন স্বপনের ঘনিষ্টজনরা জানান, ইসি ও স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস পেয়ে গত ১১ নভেম্বর জহির উদ্দিন স্বপন এলাকায় ফেরার কর্মসূচী ঘোষণা করেন। কর্মসূচী অনুযায়ী বুধবার নির্বাচনী এলাকায় প্রবেশ করে এবং পূর্ব ঘোষিত কর্মসূচী সফল করেন।
গৌরনদী উপজেলা আ.লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন বলেন, নির্বাচনী এলাকায় জহির উদ্দিন স্বপনের প্রচার প্রচারণা নির্বিঘ্ন করতে আমাদের রাজনৈতিক অভিভাবক ও নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাসনাত আবদুল্লাহ দলীয় সকল নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, স্বভাবিক ও শান্তিপূর্ণভাবে প্রচার প্রচারণা চালালে প্রতিটি প্রার্থীকে সর্বাত্মক সহায়তা দেয়া হবে। কিন্তু কেউ আইন শৃংখলার অবনতি ঘটানোর চেষ্টা করলে কোন রকম ছাড় দেয়া হবে না।









