ঢাকা-১ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলাম। এই আসনে ভোট স্থগিত করে নতুন তফসিল দেয়ার আহবান জানিয়েছেন তিনি।

রোববার দুপুরে নবাবগঞ্জে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অ্যাডভোকেট সালমা ইসলামের প্রধান নির্বাচনী এজেন্ট ও তার স্বামী যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম।

তিনি বলেন, ভয়ভীতি দেখিয়ে ও বাধা দিয়ে এই আসনের ১৭৮টি কেন্দ্রের সবগুলোকে এজেন্ট শূন্য করা হয়েছে। সকাল ১১টার আগে ১৫০টি কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর প্রতীক মটরগাড়ির কোনো এজেন্টকে ঢুকতে দেয়া হয়নি। আর ১১টার পর বাকি কেন্দ্রগুলো থেকেও এজেন্টদের বের করে দেয়া হয়েছে।

নরুল ইসলাম বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা। সব সময় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথে ছিলাম, এবং আছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রেখে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। আশা করছি, তিনি এই আসনে নতুন করে সুষ্ঠু ভোট আয়োজনের ব্যবস্থা করবেন।

এই আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস-চেয়ারম্যান সালমান এফ রহমান।