ঢাকায় যারা বসবাস করেন তাদের কাছে ‘রতন্স ডেন্টাল’ বেশ পরিচিত নাম। দাঁতের সর্বাধুনিক যন্ত্রপাতি সম্বলিত চিকিৎসা প্রদানে এই নামটি বেশ সুনাম কুড়িয়েছে। এর প্রতিষ্ঠাতা ডা. সৈয়দ তমিজুল আহসান রতন। সদাহাস্য মুখের এই চিকিৎসক কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন আজ সোমবার ভোরের কিছু আগে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ঢাকা ডেন্টাল কলেজের ১৪তম ব্যাচের ছাত্র ছিলেন।
তার সহকর্মীরা জানিয়েছেন, গত পরশু গভীর রাতে কোভিড উপসর্গ নিয়ে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানেই আজ সোমবার ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ওরাল ও ম্যাক্সিলোফিশিয়াল সার্জারির চিকিৎসক ডা. শাখাওয়াত হোসেন সায়স্থ নয়া দিগন্তকে জানিয়েছেন, বাংলাদেশে আধুনিক ডেন্টিট্রি যাদের হাত ধরে বিস্তৃতি লাভ করেছে তাদের অন্যতম ছিলেন ডা. তমিজুল আহসান রতন। তার বিদায়ে বাংলাদেশের ডেন্টিট্রি একজন অভিভাবককে হারাল। আমরা হারালাম একজন প্রিয় মানুষকে। আল্লাহ্ তাকে বেহেস্ত নসীব করুন আর তার পরিবার পরিজনকে এই শোক সইবার শক্তি দিন।
ডা. তমিজুল আহসান রতনের মৃত্যুতে শোক ও মাগফিরাত কামনা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের দন্ত অনুষদের সাবেক ডিন অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লা।





