পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপক কর্মসূচী সফল করার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রোববার জাতীয় সংসদ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সংসদ ভবন চত্বরে একটি আম, একটি অশোক ও একটি নাগেশ্বর চারা রোপণ করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত এক কোটি বৃক্ষের চারা রোপনের অংশ হিসেবে জাতীয় সংসদ আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাধারণ সম্পাদক এবি তাজুল ইসলাম ও জাতীয় সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্পিকার বলেন, মুজিববর্ষ উপলক্ষে সংসদের পক্ষ থেকে বছরব্যাপী বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। যার মধ্যে বৃক্ষরোপণ অন্যতম। পর্যায়ক্রমে সকল সংসদ সদস্য সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশগ্রহণ করবেন। তিনি বৃক্ষরোপণ কর্মসূচীতে সম্পৃক্ত সকলকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে জানানো হয়, মুজিববর্ষ উপলক্ষে সংসদ ভবন চত্বরে ৫০০টি বৃক্ষের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হবে। একইসঙ্গে সকল সংসদ সদস্যকে স্ব স্ব নির্বাচনী এলাকায় বৃক্ষরোপক কর্মসূচী পালনের আহ্বান জানানো হয়েছে।