রাজধানীর গুলিস্তানে ময়লার গাড়িচাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নয় চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার রাতে সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।
একইসাথে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯ এর বিধি ৪৯ (ক), (খ) ও (ঘ) অনুসারে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, অদক্ষতার অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, নিজেদের অনুকূলে বরাদ্দ থাকা গাড়ি বাইরের লোকদের দিয়ে চালানোর দায়ে এই নয় চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদের মধ্যে সাতজন ভারী, দুইজন হালকা গাড়ির চালক।
বরখাস্ত হওয়া ভারী গাড়ির চালকরা হলেন, মো. কাওছার আলী, মো. বেলায়েত হোসেন, ফরিদ আহমেদ, মো. আব্দুল্লাহ, মো. জামাল উদ্দিন (২), মো. কবির হোসেন (২) ও মো. রবিউল আলম।
অপরদিকে হালকা গাড়ির চালকরা হলেন, মো. আজিম উদ্দিন ও মো. নুর জালাল শিকদার।
করপোরেশনের সচিব আকরামুজ্জামানের স্বাক্ষর করা পৃথক পৃথক দফতর আদেশে এই নয় চালকের বিরুদ্ধে সাময়িক বরখাস্তের নির্দেশ দেয়া হয়েছে। বরখাস্ত হওয়া এই চালকেরা অবশ্য বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।
গত ২৪ নভেম্বর বেলা সাড়ে ১১টায় ডিএসসিসির গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজ শিক্ষার্থী নাঈম হাসানের (১৭) মৃত্যু হয়। এই ঘটনার তদন্তে পরে কমিটি গঠন করে সিটি করপোরেশন।









