ফরাসী বিপ্লবের প্রক্কালে চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস ‘এ টেল অব টু সিটিজ’ উদ্ধৃত করে সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী বলেছেন, আইনের শাসন কায়েম, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।

তিনি বলেন, ‘এ টেল অব টু সিটিজ’-এ যে ভাবটা আছে, তখন যে পরিস্থিতি বিরাজ করছিল। এখন দেশে সেই অবস্থাটা বিরাজমান। একই পরিস্থিতিতে আমরা আছি। সেখানেই বলা আছে আমাদের কি করণীয়।

তিনি আরো বলেন, বাংলাদেশের সকল শ্রেণী-পেশার মানুষ আজ ঐক্যবদ্ধ। আমরা অ্যাজ এ পার্ট অফ কমিউনিটি, সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আমরা আমাদের দায়িত্ব আইনের শাসন পুনরুদ্ধার করার জন্য আমাদের আন্দোলন অব্যাহত রাখব। এতে কোনো ব্যত্যয় হবে না ইনশাআল্লাহ।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি নির্বাচিত হওয়ার পর সোমবার সুপ্রিম কোর্ট বার ভবনে নিজ কার্যালয়ে আইনজীবীদের শুভেচ্ছার জবাবে গণতন্ত্র ও আইনের শাসন কায়েম পুনরুদ্ধারে করণীয় বিষয়ে চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস ‘এ টেল অব টু সিটিজ’ উদ্ধৃত করে আইনজীবীদের উজ্জীবিত করেন তিনি।

গত ৮ অক্টোবর সারাদেশের আইনজীবী ফোরামের সভাপতি, সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ৩৫১ জন ডেলিগেটের সরাসরি ভোটের মাধ্যমে সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এবং বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল মহাসচিব নির্বাচিত হন। শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক তত্ত্বাবধানে এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে আইনজীবীদের এক সভায় এ নির্বাচন সম্পন্ন হয়। এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেনসহ ফোরামের অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কমিটির বাকি পদগুলো পরে পূরণ করা হবে বলে জানা গেছে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব নির্বাচিত করায় ব্যারিস্টার কায়সার কামাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আইনের শাসন ও তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে যে চলমান আন্দোলন চলছে তাতে দেশের আইনজীবী সমাজ অতীতের মতো গৌরবোজ্জ্বল ভূমিকা রাখবে।

এর আগে ২০১৯ সালের ৩ অক্টোবর সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেনকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট ফজলুর রহমানকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১৭৯ সদস্যের কমিটি করা হয়।