ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাহপুর এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মোহাম্মদ ইয়াকুব (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ইয়াকুব মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চর গুলগুলিয়া এলাকার আব্দুল বারেকের ছেলে। তিনি পেশায় একজন জমি ব্যবসায়ী (ল্যান্ড প্রপার্টিজ) ছিলেন বলে স্বজনেরা জানিয়েছেন।
হাসপাতালে নিহতের ভাই মোহাম্মদ ইউসুফ জানান, তার ভাই জমি-সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত ছিলেন। বিকেলে কেরানীগঞ্জের আবদুল্লাহপুর এলাকায় একটি জমি দেখার উদ্দেশে তিনি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। যাওয়ার পথে একটি দ্রুতগতির প্রাইভেটকার তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে স্বজনেরা উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।





