রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে মাকিন নামে চিকিৎসাধীন আরো এক শিশুর মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে।

আজ শুক্রবার দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

মাকিন নামের শিশুটি ৭০ শতাংশ দগ্ধ নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিল।

এর আগে, আজ সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিফেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় শিক্ষার্থী আয়মানের (১০) মৃত্যু হয়।

এরও আগে, বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১টা ৫২ মিনিটে মৃত্যু হয় শিশু মাহতাব রহমান ভূঁইয়ার (১৪)। এর আড়াই ঘণ্টার ব্যবধানে বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহিয়া তাসনিম (১৫)।

গত সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিধ্বস্ত হয় বিমানবাহিনীর যুদ্ধবিমান। এই বিমান দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে, যাদের বেশিভাগই শিশু।

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে পোস্ট করা তালিকা থেকে দেখা যায়, শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত এ ঘটনায় এখন পর্যন্ত নিহত ৩২ জন। দুপুর ১টার দিকে মাকিনের মৃত্যুতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে।