ঢাকার কেরানীগঞ্জের কদমতলী গোল চত্বর এলাকায় গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত আরেকজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মোট ছয়জনের মৃত্যু হলো। এছাড়া দগ্ধ আরো দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (৪ এপ্রিল) রাতে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে মারা যাওয়া কারোরই নাম-পরিচয় এখনো জানা যায়নি।
এর আগে দুপুর ১টার দিকে ওই কারখানাটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রচেষ্টায় বেলা আড়াইটার দিকে গ্যাস লাইটার তৈরির টিনশেড কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে।
পরে বিকেল ৫টার দিকে দগ্ধ অবস্থায় মো: আসিফ (১৪) ও মো: জিসানকে (২২) উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসকরা তাদের ভর্তি করেন।









