আরিফ সাদাত, পুঠিয়া (রাজশাহী)
রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের চাপায় সঞ্চিতা কর্মকার (৩৭) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ভ্যানে থাকা আরো চার যাত্রী।
শনিবার (১৪ জুন) দুপুর ১টার দিকে পুঠিয়ার গাওপাড়া ঢালান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সঞ্চিতা কর্মকার নাটোরের বাগাতিপাড়ার কালিকাপুরের বাসিন্দা। এছাড়া আহত অন্য যাত্রীরাও একই পরিবারের বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভ্যানযোগে যাত্রীরা আত্মীয়র বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিল। এ সময় রাজশাহী থেকে নাটোরগামী একটি ট্রাক (রেজিস্ট্রেশন নম্বর-ঢাকা মেট্রো-ট ১৮-১২১০) গাওপাড়া ঢালানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সঞ্চিতা।
এদিকে পুঠিয়া ফায়ার সার্ভিস ও স্থানীয়রা অন্য আহতদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠান।
পবা হাইওয়ে পুলিশের কর্মকর্তা রেজাউল করিম জানান, আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।





