‘স্কাউটিং স্বপ্নময় ভবিষ্যৎ গড়ার প্রেরণা’ এই স্লোগানে পাঁচদিন ব্যাপী নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ১৩তম উপজেলা স্কাউট সমাবেশ শুরু হয়েছে।

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ স্কাউটস, নীলফামারী সদর উপজেলা শাখার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ।

সদর উপজেল স্কাউটস সম্পাদক মশিউর রহমান জানান, ২৪ সেপ্টেম্বর দলগুলোর রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে শুরু হওয়া ১৩তম উপজেলা স্কাউট সমাবেশ শেষ হবে আগামী ২৮ সেপ্টেম্বর। এবারের উপজেলা সমাবেশে সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১৮টি স্কাউট দল অংশ নিয়েছে।

সদর উপজেলা স্কাউটসের কমিশনার বদরুন নাহারের সভাপতিত্বে ও উপজেলা কাব লিডার সাফিনা আক্তার সাথির সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্টানে বক্তব্য রাখেন নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহিতুর রহমান, জেলা স্কাউটসের সম্পাদক আতাউর রহমান ও সদর উপজেলা সম্পাদক মশিউর রহমান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য ফজলার রহমান, শফিকুল ইসলাম, আব্দুল আলিম লেমন, সায়ফুল ইসলাম মানিক প্রমুখ।