মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘হাসিনা যে অন্যায় করেছে, হাসিনা যে গণহত্যা করেছে, হাসিনা যেভাবে নির্যাতন করেছে— হাসিনাকে সরকার নয়, আদালত ফাঁসি দিয়েছে।’
রোববার (২৭ সেপ্টেম্বর) টাঙ্গাইলের সখীপুর ডাকবাংলো চত্বরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে’ অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘হাসিনা আসুক, তারপরে আদালতে যাক, তারপরে ফাঁসির মঞ্চে যাক—বাংলাদেশের মানুষ খুশি হয়ে যাবে। আমরা জানি, শেখ হাসিনা আসবে না। কিন্তু বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দিল্লিতে বসে বসে ষড়যন্ত্র করবে।’
জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের আহ্বান করে আহমেদ আযম খান বলেন, ‘তাদেরকে বারবার বলেছি, স্বাধীনতার ৫৫ বছর পার হয়েছে। আসুন, দেশটাকে পুনর্গঠন করি। গণতন্ত্রকে শক্তিশালী করি।’
তিনি বলেন, ‘আপনারা বিরোধীদল হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করুন। ভবিষ্যতে জনগণ আপনাদেরকে ভোট না-ও দিতে পারে।’
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য দেন অ্যাডভোকেট আহমেদ আযম খানের সহধর্মিণী বেগম নার্গিস সিদ্দিকা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হাসান, সাংগঠনিক সম্পাদক সবুর রেজাসহ আরো অনেকে।









