নয়া দিগন্ত ডেস্ক
দেশে হামের উপসর্গে শনিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দু’জন ঢাকা বিভাগে এবং একজন রংপুর বিভাগে মারা গেছেন। তবে এ সময় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে একই সময় নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন মোট এক হাজার ৩০০ জন। এর মধ্যে এক হাজার ২১৮ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ৮২ জনের। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১২২ জন, আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক হাজার ৬২ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট এক হাজার ১২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০২ জন, আর উপসর্গ নিয়ে মারা গেছে এক হাজার ১২৩ জন। একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে এক লাখ ৯৬ হাজার ৪১৮ জনের। আর হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ২১ হাজার ৭৪৮ জনের। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে দুই লাখ ১৮ হাজার ১৬৬ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৭৪ হাজার ১৪৯ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে এক লাখ ৬৬ হাজার ৯০৮ জন। চলতি বছরে হাম ও উপসর্গে সবচেয়ে বেশি ৫৩০ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ৮২, রাজশাহীতে ৯৬, ময়মনসিংহে ৮২, চট্টগ্রামে ৯৬, বরিশালে ৭৯, খুলনায় ৪৪ ও রংপুর বিভাগে ১৬ জন মারা গেছে।
সিলেটে মৃত্যুহীন টানা ৩ দিন
সিলেট ব্যুরো জানায়, সিলেট বিভাগে হাম ও উপসর্গে টানা তৃতীয় দিন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে হাসপাতালগুলোতে রোগী ভর্তির চাপ গতকালও অব্যাহত ছিল। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম ও উপসর্গ নিয়ে নতুন করে আরো ১২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬০৭ জনে।