রাবি প্রতিনিধি
পরীক্ষার হলে নেই খাতা-কলম কিংবা প্রশ্নপত্রের স্তূপ; শিক্ষার্থীরা প্রযুক্তির সাহায্যে সরাসরি ডিজিটাল প্লাটফর্মে অংশ নিচ্ছেন পরীক্ষায়। পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই পাওয়া যাচ্ছে ফলাফল। প্রচলিত কাগজনির্ভর ব্যবস্থার বাইরে গিয়ে দেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চালু হয়েছে আধুনিক ও প্রযুক্তিনির্ভর ‘পেপারলেস এক্সাম সিস্টেম’।
প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের শিক্ষার্থীদের মাধ্যমে এ পদ্ধতির যাত্রা শুরু হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর বিভাগের তৃতীয়বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা নতুন এ পদ্ধতিতে টিউটোরিয়াল পরীক্ষায় অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো: হাসনাত কবীরের তত্ত্বাবধানে আইসিই বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক ও সামিউল বাসির এ সিস্টেমটি তৈরি করেছেন। নতুন এ মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনের জন্য পৃথক সমন্বিত প্লাটফর্ম রয়েছে। শিক্ষার্থীরা এমসিকিউ ও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর অনলাইনেই দিতে পারছেন। এতে একটি সমৃদ্ধ প্রশ্নব্যাংক রাখা হয়েছে, যা থেকে শিক্ষকরা সহজে প্রশ্ন তৈরি ও মূল্যায়ন পরিচালনা করতে পারবেন।





