নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলাগুলির ঘটনা ঘটেছে। এতে ফুল মিয়া (৬০) ও উম্মে হানিসহ (২২) ১০ জন আহত হন। গত শনিবার রাত ৯টার দিকে উপজেলার চরলাপাং গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ফুল মিয়া চরলাপাং গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে ও উম্মে হানি একই গ্রামের সুমন মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, চরলাপাং গ্রামের একটি সড়ক নির্মাণ কাজ সম্প্রতি শেষ হয়। সড়ক নির্মাণের পর গ্রামের মুসলেম মিয়া ভাড়ায় হাল চাষ করার জন্য একটি ট্রাক্টর কিনে আনেন। এতে পূর্ববিরোধ আরো বেড়ে যায়। ট্রাক্টর ভাড়া ব্যবসায় একক আধিপত্য নষ্ট হবার শঙ্কায় অহিদ মিয়া ও তার ভাই উবায়দুল মিয়া ক্ষুব্ধ হন। এর জেরে গত শনিবার রাতে অহিদ মিয়া নরসিংদীর রায়পুর উপজেলার মির্জারচর গ্রাম থেকে ভাড়াটিয়া সন্ত্রাসী এনে চরলাপাং গ্রামে হামলা চালায়। এ সময় ফুল মিয়া ও উম্মে হানি নামের দুইজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ  হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে নবীনগর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী জানান, আধিপত্য বিস্তার নিয়ে গুলাগুলির খবর পেয়েছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।