অভয়নগর (যশোর) সংবাদদাতা 
যশোরের অভয়নগরে সরকারি ৪২০ দশমিক ২ মেট্রিক টন ইউরিয়া সারের হদিস না পাওয়ায় মেসার্স টোটাল শিপিং এজেন্সির খুলনা শাখার ইনচার্জ আ. মজিদকে (৩৩) পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত রোববার রাত ৯টার দিকে উপজেলার ভৈরব নদীর তীরবর্তী শংকরপাশা খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর আনসারী।
উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। বিসিআইসির সাথে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানটির দু’টি স্তূপে মোট ৪২০ দশমিক ২ মেট্রিকটন সরকারি ইউরিয়া সার থাকার কথা ছিল। তবে সরেজমিন গিয়ে এসব সারের কোনো হদিস পাওয়া যায়নি। 
এ বিষয়ে প্রতিষ্ঠানের ইনচার্জ আ: মজিদকে জিজ্ঞাসাবাদ করা হলে সারগুলো কোথায় রয়েছে বা কীভাবে সরানো হয়েছে, সে বিষয়ে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। পরে প্রয়োজনীয় অনুমতি, লাইসেন্স বা নিবন্ধন ছাড়া সরকারি সার পরিবহন, বিক্রয়, পাচার কিংবা গোপনে মজুদের অভিযোগে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। 
ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবীর আনসারী বলেন, সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ (সংশোধিত ২০১৮)-এর ৮(১) ধারায় অভিযোগ স্বীকার করায় মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী এ জরিমানা করা হয়েছে। সরকারি সার যাতে অবৈধভাবে অন্যত্র সরিয়ে নেয়া বা গোপনে মজুদ করা না হয়, সে বিষয়ে নজরদারি অব্যাহত থাকবে।