নিজস্ব প্রতিবেদক

বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সমানভাবে প্রোটোকল অনুসরণ করতে হবে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। 
গতকাল সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি পরিস্থিতি মোকাবেলার মহড়া ‘এয়ারপোর্ট ইমার্জেন্সি এক্সারসাইজ’ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, একটি আধুনিক নিরাপদ এভিয়েশন হাব প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভিত্তি হলো অগ্নিনিরাপত্তা ও জরুরি পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গত বছরের অক্টোবরে বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে আগুন লেগেছিল। এতে বিপুল ক্ষয়ক্ষতিসহ দেশের ভাবমর্যাদা ক্ষুণœœ হয়েছিল। তাই বিমানবন্দরে নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। 
তিনি বলেন, শিগগিরই আমাদের আইকাও (আইসিএও) অডিট হবে। তাদের পর্যবেক্ষণের সাথে দেশের ভাব মর্যাদাও জড়িত। তাই আইসিএওর পক্ষ থেকে যেসব বিষয়ে পর্যবেক্ষণ আসতে পারে, সেগুলো পরিপালন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ভিআইপি এবং সিআইপিসহ সবার জন্যই নিরাপত্তা প্রোটোকল সমান। বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সমানভাবে প্রোটোকল অনুসরণ করতে হবে। বিমানবন্দরে কোনো দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডের ক্ষেত্রে প্রথম কয়েক মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্নি দুর্ঘটনা মোকাবেলায় রেসপন্স টাইম আরো কমিয়ে আনতে হবে।