নয়া দিগন্ত ডেস্ক
দেশে হামের প্রকোপ কমার কোনো লক্ষণই নেই। প্রতিদিনই হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা বাড়ছে। সর্বশেষ রোববার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন ঢাকা বিভাগে এবং দুইজন চট্টগ্রাম বিভাগে মারা গেছেন। তবে এ সময় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে একই সময় নতুন করে নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন মোট এক হাজার ৩৫৬ জন। এর মধ্যে এক হাজার ২৯৬ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ৬০ জনের। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১৭৯ জন, আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক হাজার ২৩৪ জন।
আর চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট ১ হাজার ১২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০২ জন, আর উপসর্গে মারা গেছে এক হাজার ১২৬ জন।
একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৯৭ হাজার ৭২২ জনের। আর হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ২১ হাজার ৮০৮ জনের। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে দুই লাখ ১৯ হাজার ৫৩০ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৭৫ হাজার ৩৩৬ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে এক লাখ ৬৮ হাজার ১৪২ জন।





