গত ৮ আগস্ট ‘আজিমপুরে বেড়েছে সন্ত্রাসী তৎপরতা’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন লালবাগের সৈয়দ ইকবাল নাদির। এ সংক্রান্ত একটি আইনি নোটিশের মাধ্যমে তিনি এ প্রতিবাদ জানিয়েছেন। এতে তার আইনজীবী বলেন, পত্রিকায় প্রকাশিত সংবাদের ঘটনার সাথে আমার মক্কেল সৈয়দ ইকবাল নাদির কোনোভাবেই জড়িত ছিলেন না। তিনি কোনো সময়ই রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন না এমনকি বর্তমান সময়েও নেই। তার কোনো রাজনৈতিক পদ পদবি বা পরিচয় নেই বা ইতঃপূর্বেও ছিল না। এমনকি আমার মোয়াক্কেল শীর্ষ সন্ত্রাসী লঘু হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা ও থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি কখনো লম্বু হোসেনের ডান হাত ছিলেন না। আপনাদের পত্রিকায় প্রকাশিত সংবাদ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমার মোয়াক্কেল একজন সাবেক খেলোয়াড় ও সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী, কখনো মাদক সেবন করেননি বা মাদক বেচা বিক্রির সাথে কখনো জড়িত ছিলেন না, এমনকি তিনি সবসময় মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বেক্সিমকো কোম্পানির কাছে সম্পত্তি বিক্রি করে তিনি টাকা গ্রহণ করেননি। তিনি তার ওয়ারিশ সম্পত্তি ভোগদখলে আছেন। আমার মোয়াক্কেলের সম্পত্তি হিন্দু সম্পত্তি না বা উক্ত সম্পত্তিতে কখনো পুকুর ছিল না।





