সোহেল মিয়া দোয়ারাবাজার (সুনামগঞ্জ)
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী বাঁশতলা, মৌলারপাড়, চৌধুরীপাড়া ও কলোনি গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার্থে মৌলা নদীর ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছিল ২০১৮ সালে। স্থানীয়দের অর্থায়নে উদ্যোগের কয়েক দিনের মধ্যেই নদীতে সেতুর পিলার স্থাপন করা হয়। তবে নির্মাণ ব্যয় স্থানীয়দের সামর্থ্যরে বাইরে চলে যাওয়ায় কাজ আর এগোয়নি। এরপর জনপ্রতিনিধি ও সরকারি বিভিন্ন দফতরে যোগাযোগ করেও সেতু নির্মাণে কার্যকর উদ্যোগ না পাওয়ার অভিযোগ করেছেন এলাকাবাসী।
সরেজমিন দেখা যায়, মৌলা নদীর বুকে সারি সারি পিলার দাঁড়িয়ে আছে। সেতু না থাকায় চার গ্রামের কয়েক হাজার মানুষকে নদী পারাপারে ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে শহীদ স্মৃতি হাইস্কুল, ইসলামপুর ছিদ্দিকীয়া দাখিল মাদরাসাসহ স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান, হাট-বাজার ও বিভিন্ন গন্তব্যে যাতায়াতে দুর্ভোগ হচ্ছে।
স্থানীয়দের মতে, সেতুটি নির্মাণ হলে শিক্ষার্থীদের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন ও জরুরি রোগী বহনে সুবিধা হবে। উৎপাদিত ধানসহ অন্যান্য কৃষিপণ্য সহজে বিভিন্ন বাজারে নেয়ার সুযোগ তৈরি হবে।
ইউপি সদস্য আল আমীন বলেন, সেতু না থাকায় যুগ যুগ ধরে উৎপাদিত ধানসহ অন্যান্য কৃষিপণ্য বিভিন্ন বাজারে নিতে স্থানীয়দের দুর্ভোগ হচ্ছে। তারা সংসদ সদস্য কলিমউদ্দিন আহমদ মিলনের কাছে সেতুর দাবি জানিয়েছেন। তিনি শিগগির সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন।
দোয়ারাবাজার উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আব্দুল হামিদ বলেন, মৌলা নদীর ওপর সেতু নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হবে।