সংসদ প্রতিবেদক

ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে বড় ধরনের ভূমিকম্প হলে তা মোকাবেলায় সরকারের বিদ্যমান প্রস্তুতি কতটা কার্যকর, তা পরবর্তী বৈঠকে জানাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে জাতীয় সংসদের সংশ্লিষ্ট স্থায়ী কমিটি। একইসাথে দুর্যোগপ্রবণ এলাকায় দ্রুত আগাম বার্তা পৌঁছানোর কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জেলাভিত্তিক আশ্রয়কেন্দ্র ও স্বেচ্ছাসেবকদের তালিকা প্রস্তুত করে সংসদীয় কমিটিতে উপস্থাপনের সুপারিশ করা হয়েছে। এসব তালিকা সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যদের কাছেও পাঠানোর কথা বলা হয়েছে। 
গতকাল মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মুন্সী রফিকুল আলমের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়। এ সময় মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। একই সাথে গত ছয় মাসে মন্ত্রণালয় কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রমের অগ্রগতিও কমিটির কাছে তুলে ধরা হয়।
বৈঠকে দেশের দুর্যোগ ব্যবস্থাপনা কাঠামোকে আরো কার্যকর করার বিষয়ে সদস্যরা বিভিন্ন পরামর্শ দেন। বিশেষ করে ভূমিকম্পের মতো আকস্মিক ও ব্যাপক প্রাণহানি ঘটাতে সক্ষম দুর্যোগ মোকাবেলায় পূর্বপ্রস্তুতির ওপর গুরুত্বারোপ করা হয়। ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে ভূমিকম্প মোকাবেলায় বর্তমানে কী ধরনের প্রস্তুতি রয়েছে, পরবর্তী বৈঠকে তার বিস্তারিত তথ্য উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়।
জেলাভিত্তিক আশ্রয়কেন্দ্রগুলোর তালিকা প্রস্তুত করে পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্যও সুপারিশ করেছে কমিটি। একই সাথে প্রতিটি জেলায় দুর্যোগ মোকাবেলায় নিয়োজিত বা প্রস্তুত স্বেচ্ছাসেবকদের তালিকাও চাওয়া হয়েছে। এসব তথ্য সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যদের কাছে পাঠানোর জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়, যাতে স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবেলায় সমন্বিত উদ্যোগ নেয়া সম্ভব হয়।
বৈঠকে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সাথে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বরাদ্দকৃত বিভিন্ন সাহায্য-সহযোগিতা ও ত্রাণসামগ্রী যথাযথভাবে বিতরণ নিশ্চিত করার বিষয়েও কমিটি গুরুত্ব দেয়। এ ছাড়া আশ্রয়কেন্দ্রসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণকাজে ঠিকাদাররা যাতে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করতে না পারে, তা নিশ্চিত করতে যথাযথ নজরদারি জোরদারের সুপারিশ করেছে কমিটি। 
বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, এস এ জিন্নাহ কবীর, নাদিয়া পাঠান পাপন, মোসাম্মৎ শাম্মী আক্তার, এ টি এম আজহারুল ইসলাম এবং মুহাম্মদ আলী আছগার অংশ নেন। বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবরা, বিভিন্ন সংস্থা ও অধিদফতরের প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।