গাজীপুর জেলা প্রতিনিধি
প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ ওরফে রাজার পালিয়ে যাওয়ার ঘটনায় গ্রেফতার দুই পুলিশ সদস্য ও রাজার বোনকে চার দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর বিচারক জুবায়ের রশিদ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া তিনজন হলেন- প্রিজন ভ্যানের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) প্রবীর কুমার বিশ্বাস, ভ্যানের চালক নায়েক কামাল হোসেন এবং রাজার বোন তাসলিমা। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আদালত পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর রহমান সোমবার তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত আজ চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদার জানান, গত ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে ২৯ জন আসামিকে নিয়ে প্রিজন ভ্যানটি ঢাকা জেলা জজ আদালত থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফিরছিল। ভ্যানটি গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় পৌঁছালে ওয়াশরুমে যাওয়ার কথা বলে রাজা পালিয়ে যান বলে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা প্রথমে জানিয়েছিলেন। তবে তদন্তে তাদের এই বক্তব্যের সাথে ঘটনার মিল পাওয়া যায়নি বলে জানান পুলিশ কমিশনার। তার ভাষ্য, ভ্যানের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা টাকার বিনিময়ে রাজাকে ছেড়ে দিয়েছেন। কত টাকার বিনিময়ে এ কাজ করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ভ্যানচালক নায়েক কামাল হোসেনের বাড়ি থেকে ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই দুই পুলিশ সদস্য ও রাজার বোন তাসলিমাকে গ্রেফতার করা হয়।
গত ১৯ মে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে পিচ্চি রাজাকে গ্রেফতার করেছিল পুলিশ। পুলিশের ভাষ্যমতে, তিনি ওই এলাকার শীর্ষ মাদক কারবারিদের একজন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।





