নয়া দিগন্ত ডেস্ক
মুন্সীগঞ্জের শ্রীনগর ও ভোলার বোরহানউদ্দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। এ ছাড়া কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গত ১৩ মে রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত শাহীন (২১) নামে এক তরুণ মারা গেছেন।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১
শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা জানান, মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের একই স্থানে স্বল্প সময়ের ব্যবধানে দু’টি সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও এক বাসযাত্রী আহত হয়েছেন। সোমবার রাত সোয়া ৩টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনের ষোলঘর ভূইচিত্র এলাকায় দুর্ঘটনা দু’টি ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রথমে পেছন থেকে একটি অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো: আসলাম হোসেন (৪০) ঘটনাস্থলেই নিহত হন। তার বাড়ি ঢাকার শাহবাগ এলাকায়। এর কিছুক্ষণ পর একই দিক থেকে আসা লিটন ট্রাভেলসের চালক দুর্ঘটনাস্থল দেখতে গাড়ির গতি কমিয়ে ব্রেক করেন। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা আব্দুল্লাহ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাসকে ধাক্কা দেয়। এতে লিটন ট্রাভেলসের যাত্রী মো: নজরুল ইসলাম (৪৭) আহত হন। তার বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জে।
বোরহানউদ্দিনে শিশুর মৃত্যু
বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা জানান, বোরহানউদ্দিনে পিকআপের ধাক্কায় মিফতাহুল জান্নাত রাফা (৭) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার মা ফেরদৌস আরা মুন্নি ও বাবা সোহেল। গতকাল সকালে উপজেলার কুঞ্জেরহাট বাজারসংলগ্ন বৌদ্ধেরপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পিকআপের চালক ও হেলপার পালিয়ে গেছে।
সড়কে আহত তরুণের মৃত্যু
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত তরুণ শাহীন (২১) মারা গেছেন। তিনি গত ১৩ মে রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় সড়কের পাশের খুঁটিতে ধাক্কা লেগে মাথায়, হাতে ও কোমরে গুরুতর আঘাত পেয়েছিলেন। এরপর প্রায় এক মাস অবচেতন অবস্থায় কেটেছে ঢাকায় চিকিৎসাধীন থাকার পর কিছুটা সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন। এরপর সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য ফের ঢাকায় নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৫ অক্টোবর) রাতে তিনি মারা যান।