ইয়ামিন সরকার নবাবগঞ্জ (দিনাজপুর)
লাল, কালো, সবুজ, নানা রঙের লতানো গাছের মাচায় থোকায় থোকায় ঝুলছে বিভিন্ন জাতের আঙুর। দেখতে যেমন আকর্ষণীয়, স্বাদেও তেমনি মিষ্টি। মাত্র ১০ শতাংশ জমিতে ১৫ জাতের আঙুর চাষ করে সাফল্যের মুখ দেখেছেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নলেয়া গ্রামের কলেজপড়ুয়া তরুণ কৃষি উদ্যোক্তা তৌহিদুল।
২০২৪ সালে শখের বসে মাত্র পাঁচটি আঙুরের চারা রোপণের মধ্য দিয়ে শুরু হয় তার পথচলা। প্রথমবার গাছে ফল এলেও আশানুরূপ মিষ্টতা না থাকায় হতাশ হন। পরে ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে আঙুর চাষের আধুনিক পদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জন করেন। শুরু করেন নানা পরীক্ষা-নিরীক্ষা ও পরিচর্যার নতুন কৌশল প্রয়োগ।
চলতি বছর নতুন পরিকল্পনায় গড়ে তোলেন আঙুরের বাগান। চুয়াডাঙ্গার বিভিন্ন আঙুরের বাগান পরিদর্শন করে সংগ্রহ করেন ১৫ জাতের ৮৫টি চারা। বর্তমানে তার বাগানে রয়েছে বাইকুনর, একেলো, গ্রিন লং, ক্রিপ্টো, কিলার, ভেলেজ, জরিনা, রাসুনিয়া, জয় সিডলেস, স্পিস, রেবেকা, ব্ল্যাক ম্যাজিক, টিকটক, মার্সেল ফোর্সসহ বিভিন্ন জাতের আঙুর।
লতানো গাছের জন্য তৈরি করেছেন উঁচু মাচা। নিয়মিত পরিচর্যা, সার ব্যবস্থাপনা ও আধুনিক চাষপদ্ধতি অনুসরণ করায় এবার বেশ কিছু গাছে এসেছে আশানুরূপ ফলন। বাগানে থোকায় থোকায় ঝুলছে লাল, কালো ও সবুজ আঙুর। বাগানের এমন মনোরম দৃশ্য সহজেই নজর কাড়ছে স্থানীয়দের।
সামাজিক যোগাযোগমাধ্যমে তৌহিদুলের আঙুর চাষের খবর ছড়িয়ে পড়ায় দূর-দূরান্ত থেকেও মানুষ তার বাগান দেখতে আসছেন। কেউ ঘুরে দেখছেন বাগান, আবার কেউ আগ্রহ নিয়ে সংগ্রহ করছেন আঙুরের চারা। এতে আঙুর চাষকে ঘিরে তার আগ্রহও বাড়ছে। কলেজপড়ুয়া তৌহিদুলের এই উদ্যোগ পড়াশোনার পাশাপাশি কৃষিকে পেশা ও উদ্যোক্তা হওয়ার মাধ্যম হিসেবে বেছে নেয়া তরুণদের জন্যও এটি হয়ে উঠেছে নতুন অনুপ্রেরণার উদাহরণ।
কৃষক তৌহিদুল বলেন, শখের বসে কয়েকটি আঙুরের চারা লাগিয়েছিলাম। প্রথমবার ফল হলেও আঙুর টক হওয়ায় কিছুটা চিন্তায় পড়ে যাই। এবার গাছে বেশ ভালো ফলন হয়েছে এবং আঙুরও অনেক মিষ্টি হয়েছে। আশা করছি, ভালো লাভ হবে। ভবিষ্যতে আরো বড় পরিসরে বাণিজ্যিকভাবে মিষ্টি আঙুর চাষ করার ইচ্ছা রয়েছে। কৃষি বিভাগও তরুণ তৌহিদুলের এই উদ্যোগকে সম্ভাবনাময় হিসেবে দেখছে। 
উপজেলা কৃষি কর্মকর্তা রেজওয়ানুল ইসলাম বলেন, মাহমুদপুর ইউনিয়নের কৃষক তৌহিদুল ইসলাম ১০ শতাংশ জমিতে প্রায় ৮৫টি আঙুরগাছ রোপণ করে ভালো ফলন পেয়েছেন। আমরা নিয়মিত তার বাগান পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দিচ্ছি। এ অঞ্চলে আঙুর চাষ নতুন হলেও তার সফলতা দেখে আরো কৃষককে সম্পৃক্ত করা গেলে ভবিষ্যতে আঙুর চাষ এ এলাকার কৃষকদের জন্য একটি সম্ভাবনাময় আয়ের উৎস হতে পারে।