যশোরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নারী-শিশুসহ এক পরিবারের তিনজনের ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। গুরুতর অবস্থায় তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সোয়া ৮টার দিকে উপজেলার গদখালী গ্রামে ঘটনাটি ঘটে।

অ্যাসিড-দগ্ধরা হলেন- ওই গ্রামের জামাত হোসেনের স্ত্রী রাহেলা খাতুন (৪৮), মেয়ে রিপা খাতুন (২৬) ও ছেলে ইয়ানূর (৮)।

স্থানীয়রা জানায়, মঠবাড়ি গ্রামের ফজলুর রহমানের গৃহপরিচালক জসিম উদ্দিন (৩৫) রিপাকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। রিপা তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে তিনি গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে ঘরের জানালা দিয়ে রিপাকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে মারে। এতে রিপা, তার ভাই ইয়ানূর ও মা রাহেলা খাতুন দগ্ধ হন। আহতদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের যশোর জেনারেল হাসপাতাল নিয়ে যান। বর্তমানে তারা হাসপাতালে ভর্তি আছেন।

এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, অভিযুক্তকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সূত্র : ইউএনবি