জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসনিক বডিতে ভিসির দফতরে বড় রদবদল হয়েছে। রেজিস্ট্রার দফতর, প্রক্টর, ভিসির দফতরে নতুন নিয়োগ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নিয়োগ দেয়া হয়।
নতুন প্রক্টর হিসেবে ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, ছাত্রকল্যাণ পরিচালক হিসেবে ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কে এ এম রিফাত হাসান ও প্রভোস্ট হিসেবে সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. সাবিনা শরমিনকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনজনকেই পরবর্তী দুই বছরের জন্য এ দায়িত্ব দেয়া হয়েছে। বিধি মোতাবেক তারা সব ভাতাদি পাবেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ১২ জন কর্মকর্তার দায়িত্ব পরিবর্তন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেনকে উপাচার্য দফতর থেকে রেজিস্ট্রার দফতরে, মো: আল হেলাল উদ্দিনকে উপাচার্য দফতর থেকে গবেষণা সেলে, মোহাস্মদ মনসুর আলমকে পরিবহন পুল থেকে উপাচার্য দফতরে, মোহাম্মদ জামাল হোসেনকে গবেষণা দফতর থেকে উপাচার্য দফতরে, অপূর্ব কুমার সাহাকে রেজিস্ট্রার দফতর থেকে পরিবহন পুলে, মোহাম্মদ ইমরান হোসেনকে উপাচার্য দফতর থেকে হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে, মোহাম্মদ আনোয়ার হোছাইনকে রেজিস্ট্রার দফতর থেকে উপাচার্য দফতরে ( পিএস টু ভিসি) বদলি করা হয়েছে।