বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম বলেছেন, আলেমদের সাথে জুলুম করার কারণে আওয়ামী লীগের এই পরিণতি হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে মৌলভীবাজার জেলা জামায়াতের উদ্যোগে মাহে রবিউল আউয়াল উপলক্ষে সিরাতুন্নবী সা: শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রাসূলের সুন্নতের আলোকে রাষ্ট্র ব্যবস্থা না থাকায় ১৮ কোটি মানুষ কষ্টের মধ্যে আছে। প্রতিটি প্রদক্ষেপে রাসূলের আদর্শ মেনে চলতে হবে। সুন্নতে রাসূলের পথে থাকলে নির্যাতন আসবে কিন্তু ময়দান ছাড়া যাবে না। অনেক বাধা আসবে, থেমে থাকা যাবে না।

আব্দুল হালিম দেড় দশকের রাষ্ট্রের চিত্র তুলে ধরে বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়তে পারেনি। অজুখানায় অনেককে নামাজ পড়তে হয়েছে। নামাজ পড়লে দাঁড়ি রাখলে নানাভাবে তাদেরকে হয়রানি করা হয়েছে। ৪০০ আলেমকে আওয়ামী লীগ সরকার হত্যা করেছে। আমাদের এক লাখ নেতাকর্মী জেল খেটেছেন। জামায়াত নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চেও বলেছেন গোলাপের গন্ধ পাচ্ছি। জামায়াত নেতৃবৃন্দ অন্যায়ের সাথে আপস করেননি। তিনি জোর দিয়ে বলেন, আলেমদের সাথে জুলুম করার কারণে সরকারের এই পরিণতি হয়েছে।

জেলা জামায়াতের আমির প্রকৌশলী এম শাহেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মো: ইয়ামীর আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির আলোচনা পেশ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমির মো: ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হাবিবুর রহমান, সাবেক জেলা আমির ও সিলেট আঞ্চলিক টিম সদস্য দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, ঢাকা মহানগরী উত্তরের মজলিশে শূরা সদস্য ও শেরে বাংলা নগর দক্ষিণ থানা আমির মাওলানা আমিনুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি মো: আলা উদ্দিন শাহ, জেলা কর্মপরিষদ সদস্য হারুনুর রশিদ তালুকদার, জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা শেখ আব্দুল হক, পৌর আমির হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলা আমির মো: ফখরুল ইসলাম, রাজনগর উপজেলা আমির আবু রাইয়ান শাহীন, জুড়ী উপজেলা আমির হাফেজ নাজমুল ইসলাম, ছাত্রশিবির জেলা সভাপতি হাফেজ আলম হোসাইন ও শহর সভাপতি তারেক আজিজ প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ুন, জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক মো: ফখরুল ইসলাম, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম নোমান, পৌর সেক্রেটারি মাওলানা সাইফুর রহমান, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদ প্রমুখ।